দুটি কবিতা ॥ ফকির ইলিয়াস
_________________________________----------------------------
স্বৈরশাসিকারা যা বলছে
---------------------------
''আরে আরে কবিতাগুলো এমন 'ফ্ল্যাট' করে পড়া হচ্ছে কেন !
বাচিক শিল্পীরা কবিতা পড়ার আগে নিতে হবে আমার পারমিশন—
আমিই পালক তুলে দেবো এর হাতে, কেটে দেবো ওর ডানা
আর কবিতাপাঠ ! দরকার হলে আমার পকেট সাংবাদিকরা
লিখবে না এসবের ক্রিটিক ''
বলতে বলতে
আমাদের চারপাশে এখন ঘুরছে অনেক স্বৈরশাসিকার ছড়ি।
'বিশ্ব বেহায়া' বলে যিনি খ্যাতি পেয়েছিলেন—
তিনিও মুখ লুকোচ্ছেন পাইকারি বাজারে।
হায় হুইল বিদগ্ধ হুইল চেয়ার ! একদিন সকল দুঃশাসনকে তুড়ি
মেরে যে তুমি কাঁধে তুলে নিয়েছিলে পৃথিবীর ভার,
সেই পংক্তিও এখন মুখ থবড়ে পড়ে আছে পৃথক দরোজায়,
কয়েকটি দুষ্ট মাছি ভন ভন করছে গলিত লালা খাবে বলে।
-----------------------
পশম ও পুষ্পের গান
-----------------------
আমি চিরকাল লিখে যেতে চাই পশম ও পুষ্পের গান
কালো কোন আকাশ পেলে
বদলে দেব সূর্যের আদল আর
বেদনার মুখাবয়বে ডুবে থাকা রোদের অসুখ-
সুখ দেব বলে কোন প্রতিজ্ঞা না করেই ঢেউগুলোকে দেবো
সমুদ্রের সোনালি সোহাগ ....
দেবো আরও অনেক কিছুই। পাতার পতন দেখে যে দুপুর
কেঁদেছিল নীরবে, আমি তার পাশে বসে
শোনাবো চন্দন বিন্দুর গল্প।মোহরের মহিমাগুলো
কারো হাতে না দিয়েই ভাসিয়ে দেবো জলে।
যে ধ্বংস আমাকে দিয়েছে বৈভব,
আমি তার সম্পূরক হয়েই গানে দেবো সুর।
যে সুর অমধুর ধ্বনি হয়ে ছড়িয়ে পড়বে
বিষাদমাখা বিকেলের গাঁয়ে।

অভিনন্দন কবি ।কবিতার পুরো প্রাণ পেলাম। আরো পড়তে চাই এমন হৃদয় কাড়া কবিতা ।
উত্তরমুছুনবাহ্ চমৎকার প্রকাশ! ভালোলাগা কবি।
উত্তরমুছুনভিন্ন মাত্রার দু'টো কবিতাই মন ছুঁয়ে গেলো কবি।শুভ কামনা আপনার জন্য।
উত্তরমুছুনচমৎকার উপস্থাপনা ও শব্দ শৈলী ! আপনার বোধের কলমে ফুটুক ফুল চন্দন।
উত্তরমুছুনআহ্ অপূর্ব...
উত্তরমুছুনচমৎকার কবি প্রাণ ! অভিনন্দন...
উত্তরমুছুন