শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০১৫

এতো ভালোবাসা ভালো নয় >< শামসুল আলম সেলিম


শামসুল আলম সেলিম
------------------------------------------
হয়তোবা দুঃখগুলো প্রত্যাশিত ছিল
কাঁটায় জড়ানো ফুল,চিল বকের খাবার,
বড়শিতে পাতা টোপ,বুক ভরা ভালোবাসা আর
নিস্তব্ধ রাতে জ্যোৎস্না মাখামাখি,
হাওয়ায় হাওয়ায় ভেসে যাবার আকাঙ্খা-
হয়তো সব কিছুই প্রত্যাশিত ছিল ।
এতো ভালোবাসা ভালো নয় জানি-
তবু উন্মনা হাওয়া,ভাবনার অংক
মাঝে মাঝে যোগফল এনে দেয় ।
স্বপ্ন দেখি স্বপ্ন আঁকি স্বপ্ন মাখি,
দিনের শেষে সীমান্তে উঁকি দেয় দুঃস্বপ্নের প্রহরীরা,
বলে-এতো ভালোবাসা ভালো নয় !

বুধবার, ২৮ জানুয়ারি, ২০১৫

সত্যিই কি জানতে চাও >< পল্লব সেনগুপ্ত



পল্লব সেনগুপ্ত
----------------------------------------------------------------------------------------------
সত্যিই কি জানতে চাও হৃদয়ের খোঁজ
নিজে আগে সাহসী মানুষ হও,
তার বিষন্ন বিপন্ন ঠোঁটে একবার তাকাও
চোখ রাখ চোখে,
হৃদয়ের আলো যদি একবার পড়ে নিতে পার
জেনে যাবে সব কথা
যা কিছু গোপন অব্যক্ত রেখেছে এতকাল।
ভালবাসা বিনিময় করে জেনে নিতে পার
যদি পড়ে নিতে পার দৃষ্টির অক্ষর,
একাগ্রতা জেনে নিতে পার তার
দীর্ঘশ্বাস গুণে গুণে বুঝে নিতে পার প্রতিক্ষার কষ্ট,
হৃদয় যদি ফোঁটাতে পার মুখের ক্যানভাসে
অবলীলায় জেনে নিতে পার মনের খবর।
যতবেশি সদালাপী হবে তত বেশি সুখপাঠ্য হবে,
উন্মুক্ত উন্মুখ হলে হৃদয়ের পথ, সহজ সরল হবে চলা,
ভরসার প্রত্যয় যেন থাকে
করতলে পায় যেন আস্থার ওজস্বী চাপ।
চোখের জলে ডুব দিয়ে দেখো অভিমান কতটা গভীর,
চাওয়া আর পাওয়ার ফারাক বুঝে নাও,
আস্থার স্থাপনা পেলে মনের দরজা আপনিই যাবে খোলে,
তুমি শুধু তৈরি করো বিশ্বাসের ভিত।


মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০১৫

অনামিকা হারিয়ে গেছে >< অরুণ মাজী



অরুণ মাজী 
-------------------------------------------------------------------------------------------------------
জীবাশ্ম বলে- সমষ্টি, খন্ডের সমষ্টি।
জীবাত্মা বলে- খন্ড, সমষ্টির খন্ড।
খন্ডবোধে- সৃষ্টি, শুধুই খন্ড খন্ড।
সমষ্টিবোধে- সৃষ্টি, শুধুই অখন্ড।
কল্পনায়, সৃষ্টির সৃষ্টি।
বিশ্বাসে সৃষ্টির রক্ষণ।
মহাবিশ্বটা কেমন ভেঙ্গে গুঁড়িয়ে যাচ্ছে।
মানুষগুলো কেমন শতচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
গর্ব বলে- আমিই মানুষ।
লোভ বলে- আমিই মানুষ।
ঘৃনা বলে - আমিই মানুষ।
ক্রোধ বলে - আমিই মানুষ।
একই মানুষ, শত সত্তা নিয়ে হারিয়ে যাচ্ছে।
দেহ ক্ষয়ে যাচ্ছে।
আত্মা মরে যাচ্ছে।
সৃষ্টি, ধ্বংসে মুখ লুকোচ্ছে।
অনামিকা, তুমি কোনটা?
আমি যে, সহস্র আণবিক অনামিকা দেখছি।
একটা পচা গলা।
আরেকটা বীভৎস।
অন্যটা আধখানা।
সবই কেমন খন্ড খন্ড।
তোমায় দেখে আমার ভালোবাসাও যে,
কেমন খন্ড খন্ড হয়ে যাচ্ছে।
আমার অখন্ড ভালোবাসাও যে,
কেমন খন্ড খন্ড হয়ে হারিয়ে যাচ্ছে।
অনামিকা, আমি যে তোমাকে দেখছি না।
দেখছি শুধু তোমার প্রেতাত্মা।

বুধবার, ২১ জানুয়ারি, ২০১৫

আমার স্বপ্ন আঁকা অঙ্গ তার >< দীপঙ্কর বিশ্বাস






দীপঙ্কর বিশ্বাস
--------------------------------------------------------------------------------------
তোমার ও রাতুল অঙ্গে
আমার স্বপ্ন আঁকা ছিলো
কঠোর শ্রমে দীর্ঘ দিনের।
তুমি তার সবই মুছে ফেলেছো
নিস্বংশয়ে অামার অগোচরে-
ভাবো নি কখনও কেন এঁকেছিলাম।
সব অঙ্কনেই প্রেম থাকে কিন্তু সখ থাকে না।
তুমি জানো,
তুমি তার সব মুছেছো
একতিল কালি দাগ নেই অবশিষ্ট
ও রাতুল কায় ক্যানভাসে...!
কেন মুছেছো, কেমন করে মুছলে?
তোমার ইচ্ছার রং'ও-যে ছিলো মিশে
তাই তো আঁকতে পেরেছিলাম 
স্বযতনে সে স্বপ্নকে তোমার কায়মন ক্যানভাসে!!
আজ তার কিছুই বুঝি পারবে না 
ফিরিয়ে দিতে!
কি করেই বা দিবে!
মুছতেই তো পারো 
আঁকতে তো শেখোনি।
আজ শুধু চাইবো,
ফিরিয়ে দাও আমার সব প্রেম,
যত্নে অাঁকা স্বপ্ন গুলোকে
ফিরিয়ে দাও,
ফিরিয়ে দাও আমার ইচ্ছে ভরা স্বাধীন মন,
যা কিছু তোমার ছিল সবই আমি উজার
করে দিয়ে দিয়েছি প্রিয়ে!!
নাহ্! আজ আর তোমাকে প্রিয়ে
বলে ডাকবো না।
ঝর্না!
তুমি তো ছিলে আমারও কল্পনাতে আঁকা প্রেমাল্পনা
আজ মনে হচ্ছে; তুমি আমার ছিলে যেন
অতি লালসাই লাগানো নীলাম্বরীর
বিষাক্ত পঞ্চ পর্ণের পাঁপড়ি ঝরা ফুল।
সন্ধ্যায় কুড়ানো বাসি ফুলের ডালা ভরা পুষ্পকোষ!
আজ তোমাকে দিয়ে তো
আর এ মনপূজা হবে না আমার...!!
জানো তো, 
ঝরা ফুলে কী
আর দেবতার পূজা হয়!!
পবিত্র মনে সমস্ত দেবতার বাস।
ভোল নি তো....!!......
সহস্র উপায় সোধনেও আর বুঝি এ ফুলের
পবিত্রতায় এ মন পূজা হবে না...
হবে না গো হবে না...!!!


মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০১৫

সে আমার চিরকালীন >< অনুপ দত্ত



 অনুপ দত্ত
------------------------------------------------------------------------------------------------
ভালবাসা যুদ্ধ ভালবাসি
আগুনের সাথে রিক্ত শীতল জ্বালিয়ে কি লাভ
মানুষ ও মুখে
মুখ ও মানুষে
এসো শেষ করি যে এখনও জেগে আছে
আমার শরীর আর তোমার শরীর গন্ধ মাঝে৷
আমার নিজের ভিতরে ক্ষতি নেই
কারা বলে দেবে ভালবাসা পরিমান
যারা ভালবাসা নিয়ে হারার সতীর্থ একদিন
আমি আমার নিজের অন্তঃজে বসবাস করি
তোমাকে জানার আগে
আমি ভালবাসা প্রতিহত করিনি
গোলাপ বাগানে ছড়িয়ে দিয়েছি নিঃস্পাপ৷
তারা আর তোমায় কি জানাবে৷
আমার ভাল মন্দ নেই
আমি এক মানুষ
সে তুমি জেনে গেছ বহুদিন
তোমার সাথে হৃদয়ে করেছি বৃক্ষরোপন৷
আমি আমার নিজের অন্তঃজে বসবাস করি
সেই ভাল বরং তুমি কিছু বলো
ভালবাসা ভয়
ভয়ে ভালবাসা
একজীবন বা এক জীবনীকাল
এ ভাবেই ভালবাসা বাড়ে৷
দীঘল চোখে মুক্ত চুম্বনে
যখন সে আঁখি বন্ধ করো,সে এক গর্ব
যখন সে আঁখি আমায় অন্ধ ক’রে, সে দুই গর্ব
সে তোমার সে আমার চিরকালীন৷



সোমবার, ১২ জানুয়ারি, ২০১৫

আশ্চর্য রমণ >< কৌশিক বন্দ্যোপাধ্যায়



কৌশিক বন্দ্যোপাধ্যায়
----------------------------------------------------------------------------------------
তার সঙ্গে প্রতিবার মিলনের সময়
আমি কৌমার্য লাভ করি -
সেই একই যন্ত্রণা
সেই একই বিস্ময়
সেই একই নেশা, উন্মাদনা, পরিপূর্ণতা ।
তার থাকে কখনও নিখুঁত
আবার কখনও আলগা ছন্দ
কখনও দুই তীর বেঁধে বেঁধে চলা
কখনও ছাপিয়ে ছাপিয়ে ...
পরের মুহূর্তে তার ভঙ্গী কি হবে
জানা নেই ,
প্রতিটি রাস্তার শেষে তার রয়েছে চমক ।
এমনই রমণ আমার ঘটে কাব্যের সহিত ।

মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০১৫

হিম শীতল পরশ >< সুমা জায়গীরদার


সুমা জায়গীরদার
--------------------------------------------------------------------------------------------------------------------------
মগ্ন মুগ্ধতায় শুধুই তোমাকে চাই,
শূন্যতায় আবদ্ধ অনাবাদী শরীর;
চিরকাল মনাগ্নি জ্বালে নিসঙ্গতায়।

গহীন সরোবর;
নিঃসঙ্কোচে তোমাকে ডাকে নিরালায়...
অগ্নিময়ী আমি,তুমি সঙ্গী হও;
কাঙ্ক্ষিত অধিক উষ্ণতায় হবে সুখজ হিম।

তুমি কি এতোটাই ভীরু ছিলে চিরকাল ?
হওনি কখনো লেলিহান আগুন;
কিম্বা হিম শীতল পরশ !

সোমবার, ৫ জানুয়ারি, ২০১৫

নিশি ডাক >< চন্দনকৃষ্ণ পাল



চন্দনকৃষ্ণ পাল
-------------------------------------------------------------------------------------------
রাত্রির তৃতীয় প্রহর ডাকে,
তৃষ্ণায় যেনো দেবশিশু
কপাটের হাতছানি, তারাজ্বলা চাহনির মোহ
ছিড়ে ফেলে অযুত বন্ধন ।
ছায়া থাকে, থেমে থাকে -
নিয়মের ব্যতিক্রম ফেরায় না মুখ
স্থিরচিত্র কালচে সবুজ থেকে
গাঢ়তাকে ছোঁয় ।
চোখ বুজে ব্রম্মান্ড নিঃশ্বাস ফেলে
প্রকৃতি বিমূঢ়তা উপহার দেয় ।
UA-53225896-1