চন্দন কৃষ্ণপাল
________________________________________________________________________________
অস্থায়ী কোলাজ -১
দহন বুকের গহনে
শিখা অনির্বাণ যেনো -
অথচ শীতলতা বিষন্ন হলো
আঙুলের শুদ্ধতার মতো ।
কতো কিছু হয়ে যায় অজান্তেই, মুহুর্তেই -
অগ্নুৎপাত ঘটে যেতে পারে কোন নিরীহ স্থাপত্যে ।
ভুল ভাবনার স্রোতে শরীর ভাসানোর দিন
আজ হলো প্রমানিত শ্লোক,
আবৃত্তিক মোহ নেই আর
নিরব পাঠের উৎসব হোক
তারপর ................. ।
অস্থায়ী কোলাজ - ২
শূন্যতায় তৈরী মহল
এভাবেই ভেঙে পড়ে জেনেও
মাপ-জোক, অংকনের আয়োজনে
পূর্ন করো বসন্তের দিন,
সংগ্রহের ব্যস্ততায় ঐ চাঁদমুখে মাখো
মলিনতার তীব্র মায়াজাল ।
কে আর ছিন্ন করে,
কার এত বাহুতে আগুন ?
স্বপ্নময় জ্যোস্নায় অবগাহন হলো
ঢেউময় সৈকতে কত পদছাপ
উত্তুঙ্গ পাহাড়ে কতো ফেলে আসা দিন ।

ভাল লাগার পরম স্বাদ রেখে গেলাম প্রিয় কবি দাদা ভাই
উত্তরমুছুনঅসাধারণ কবিতা ও কথার শৈলী
অনিন্দ্য সুন্দর