মঙ্গলবার, ৫ আগস্ট, ২০১৪

একজন কবির কলম বিক্রি হবে



সুমন নিনাদ
=================================

একজন কবির কলম বিক্রি হবে নিলামে
কিনবেন নাকি কেউ? আছে কারোর বুকের পাটা?
আছেন কোন শিল্প গ্রুপ অব ইন্ডাস্ট্রির মালিক?
কিংবা কোন কোন জাহাজের ব্যাপারী-
আছেন কোন নেতা কিংবা অভিনেতা?
কিংবা কোন প্রভাবশালী আমলা?

একজন কবির কলম বিক্রি হবে-কিনবেন নাকি কেউ?
কোন ব্যক্তির পক্ষে একা তা কেনা একটু ধৃষ্টতাই দেখায়।
কোন দেশ, সংস্থা কিংবা প্রতিষ্ঠান ভেবে দেখবেন নাকি বিষয়টা?
বিশ্বব্যাংক কিংবা জাতিসংঘ?
আমেরিকা কিংবা রাশিয়া?
কিংবা কোন অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত সেনাবিহিনী?

আচ্ছা, কবিকে কি কেউ একবারও জিজ্ঞাসা করেছেন-
তিনি তার ঐ কলমের বিনিময়ে কত টাকা দাবী করছেন?
কী এমন দুস্প্রাপ্য হীরের টুকরো আছে সেই কলমের মাথায়?
নাকি ইউরেনিয়ামের কালি নিঃসৃত হয় সে কলম দিয়ে?

না, কবির কলমে হীরের টুকরো বা ইউরেনিয়ামের কালি কিছুই নাই।
না, কবির তিনটাকার কলমটি কিনতে কোনধরনের অর্থেরই প্রয়োজন নাই।  
না, নিলামে অংশ নেবার জন্য আপনাকে নেতা, অভিনেতা কিংবা
শিল্পগ্রুপের মালিক কোনটাই হতে হবেনা।

তাহলে কী চান সেই অখ্যাত কবি  তিনটাকার কলমের বিনিময়ে?

বিশ্বস্ত সূত্রে প্রকাশ-
কবি তার কলমটি বেচবেন শুধুমাত্র একটি সুখী বাংলাদেশের বিনিময়ে।
যে বাংলাদেশে কোন ক্ষুধার্ত মানুষ না খেয়ে মরবেনা।
যে বাংলাদেশে সকল শ্রমিকের ন্যায্য পাওনা সময়মত পরিশোধ করা হবে।
যে বাংলাদেশে রাজনীতিকেরা ক্ষমতা আর চেয়ারের টান ভুলে
সত্যিকারের দেশপ্রেম বুকে লালন করবে।
যে বাংলাদেশে কোন বৃদ্ধ পিতামাতার অযত্নে আর অবহেলায়
মৃত্যু হবেনা কিংবা বৃদ্ধাশ্রমের জানালা ধরে কাঁদতে হবেনা।
যে বাংলাদেশে কোন হত্যা-গুম-খুন থাকবেনা,থাকবে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা।
যে বাংলাদেশে সন্ত্রাস আর দুর্নীতির বিরুদ্ধে আমরন অনশন হবে।
যে বাংলাদেশে একটি শ্লোগান থাকবে এবং সেই শ্লোগান শুনলেই
সকল দল, ধর্ম, মতবাদ ও মতভেদ ভুলে- ১৬ কোটি মানুষ এক সুরে

ঐকতানের গান গেয়ে লাল সবুজের পতাকার নিচে এসে সমবেত হবে। 

৫টি মন্তব্য:

  1. স্বাগতম সুমন নিনাদ। সময়ের উচ্চারণ !

    উত্তরমুছুন
  2. যে বাংলাদেশে কোন বৃদ্ধ পিতামাতার অযত্নে আর অবহেলায়
    মৃত্যু হবেনা কিংবা বৃদ্ধাশ্রমের জানালা ধরে কাঁদতে হবেনা।...সেই দিনের অপেক্ষায় আছি ।

    উত্তরমুছুন
  3. অনবদ্য লেখনী ! চিন্তাশক্তি সত্যিই প্রশংসনীয় সুমন !

    উত্তরমুছুন
  4. বাহ্‌ কবি, লেখার ধার প্রখর! শুভ কামনা জানবেন।

    উত্তরমুছুন
  5. ভিন্নমাত্রার কবিতা অনবদ্য হয়েছে কবি।

    উত্তরমুছুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

UA-53225896-1