মঙ্গলবার, ২৯ জুলাই, ২০১৪

জ্ঞান হবার পর এই প্রথম ঈদে বাড়ি যেতে পারিনি ।




শাহ্‌ ইয়াসিন বাহাদুর
=======================================================
যেতে যে পারব না তা আগে থেকেই জানতাম। ভেবেছিলাম, দিনটা না জানি কেমন যাবে। বিষণ্নতায় ডুবতে ডুবতে হয়তো শেষই হয়ে যাব, কিন্তু না, কিছুই হলো না! অন্যান্য দিনের মতই আরেকটি দিন আজও চলে গেল। পার্থক্য একটাই, রোজা ভেঙেছি বলে আজ দিনে পেটে দানা দিয়েছি। রাতে খাওয়ার জন্য হোটেল নির্দিষ্ট করে রেখেছিলাম কিন্তু একটু আগে শুনলাম, ওরা আজ চুলা জ্বালাবে না। আজ আমাদের বুয়ারও ছুটি। অগত্যা সন্ধ্যায় হেঁসেলে আগুন পোহাব, ঠিক করেছি।
এই সব কথা বাড়িতে জানাবার সুযোগ নেই। ঈদের দিন ছেলের খাওয়ার কোন ঠিক নেই, এমন শুনলে আম্মা হয়তো নিজেই খাওয়া ছেড়ে দেবে।


অফিসে দু'চারজন বাদে সবাই ছুটিতে। আমার ডরমিটরিতে আমি একা। কেবল মাঝে মাঝে থেকে থেকে পাশের আমগাছে ডেকে উঠছে একেকটি দোয়েল আর কানে লাগছে দূরে তীব্র শব্দে বাজানো ইংলিশ অর্কেস্ট্রা। ওদের সাথেই আমার আজ ঈদ উদযাপন করতে হচ্ছে।

এই বাজারে পেটের যোগান দেয়া কষ্টসাধ্য। নিতান্ত পেটের দায় না থাকলে এই চাকরীরে উষ্টা দিয়া, বাস না পাইলেও, ট্রেন না পাইলেও, তিনশ কিলোমিটার পথ হাঁটতে হাঁটতে আমি বাড়ি চলে যেতাম। বর্ষার জল ছাড়িয়ে, মাঠের খোলা বুক নাড়িয়ে ধেয়ে আসা শীতল বাতাস, গ্রামে গেলে আমি দুহাত ছড়িয়ে সমস্ত শরীরে-মনে জড়িয়ে নিই। পৃথিবীর কোনকিছুর সাথে যে হাওয়ার কিছুতেই বিনিময় হয় না।
এবার ঈদে আমাকে ছাড়াই ভাল থেক খোলা মাঠ। ভাল থেক খোলা হাওয়া।
ভাল থাকুন ঈদে বাড়ি যেতে পারা সৌভাগ্যবানগণ।

৪টি মন্তব্য:

  1. ঈদ মোবারক বাহাদুর। আমার মনটাই ভারাক্রান্ত হয়ে গেলো তুমি বাড়ি যেতে পারো নাই শুনে।জীবন এমন -ই !

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সব ঠিক হয়ে গেছে আপা। নো প্রবলেম। আর কাউকে না কাউকে তো থেকে যেতেই হবে, অবশ্য কাউকে থেকে যেতে হয়। ঘূর্ণায়মান এই গ্রহে এই মহাসত্য অস্বীকার করার জো নেই। আপনাকে অনেকনেক শুভেচ্ছা আপনার মাতৃহৃদয়ের অনুভূতি জানানোর জন্য। ভাল থাকবেন।

      মুছুন
  2. ঈদ মোবারক বাহাদুর। মন ভালো আছে জেনে ভালো লাগছে। বাস্তবতাকে মেনে নিয়ে ভালো থেকো ভাই।

    উত্তরমুছুন
  3. মন খারাপ করা লেখা।

    আগামীতে যেন এমন না হয় সেই শুভকামনা রইল।

    উত্তরমুছুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

UA-53225896-1